স্টাফ রিপোর্টার : গত ২৫ ফেব্রুয়ারি বগুড়ায় এক কিশোরীকে বাবা ও ছেলে ধর্ষণের ঘটনায় রাজশাহীতে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ছেলের নাম নাড়ু গোপাল (৩২)। তার বাড়ি বগুড়া সদরের মোগলিশপুর গ্রামে। একই মামলায় নাড়ু গোপালের বাবা তুলসী দাসও (৬০) আসামী। সে বর্তমানে পলাতক।
র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ ও র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল সোমবার দিবাগত রাত ১১টার দিকে জেলার বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেফতার করে। মঙ্গলবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি বিকেলে মুদি দোকানি নাড়ু গোপাল কৌশলে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর টেনেহিঁচড়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। নাড়ু গোপাল চলে যাওয়ার পর তার বাবা তুলসী দাস এসে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। সন্ধ্যার পর ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
র্যাব আরও জানায়, ওই কিশোরী বাড়ি গেলে তার মা তাকে অসুস্থ অবস্থায় দেখেন। তখন কারণ জানতে চাইলে ওই কিশোরী তার মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের মামলা করেন। তখন থেকেই পলাতক ছিলো নাড়ু গোপাল।
র্যাব জানিয়েছে, আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।