২৪ বৈশাখ, ১৪৩৩
০৭ মে, ২০২৬

বগুড়ায় হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও বিমানঘাঁটি

Admin Published: May 7, 2026, 5:51 pm
বগুড়ায় হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও বিমানঘাঁটি

ডিএনএন ডেস্ক: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা, উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি বলেন, ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। একইসঙ্গে কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।


মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান, কারণ মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে।


পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।


এদিকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিমানঘাঁটির প্রাথমিক অনুমোদন ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে। উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক বিমানঘাঁটি নির্মাণ করা হবে, যেখানে আধুনিক প্রশিক্ষণ ও অপারেশনাল সুবিধা গড়ে তোলা হবে বলেও তিনি জানান।