৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বিকেলেই চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা,গ্রাহকরা পাচ্ছেন ৫ জিবি বোনাস

Admin Published: July 28, 2024, 1:35 pm
বিকেলেই চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা,গ্রাহকরা পাচ্ছেন ৫ জিবি বোনাস

ডিএনএন ডেস্কঃ টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে মোবাইল ইন্টারনেট সেবা সচল হচ্ছে । রোববার বিকেল ৩টায় সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে গ্রাহকের হাতের নাগালে মোবাইল ইন্টারনেট ফিরছে । ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ তথ্য জানিয়েছেন। 

বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে।

ডিএনএন ডেস্ক/এলএস/২৮ জুলাই