৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে অমর একুশে পালন

Admin Published: February 21, 2025, 7:08 pm
বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে অমর একুশে পালন

স্টাফ রিপোর্টার : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সর্বশ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধী ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। অমর একুশে স্মরণে সকালে প্রভাতফেরি বের হয়।

অমর একুশের কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ছিল রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের জনগণ প্রভাতফেরিতে অংশ নেন।  

শুক্রবার সকাল ৭টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ইনিস্টিউটের পক্ষ থেকে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। 

এদিকে সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়ের দিবসটি পালন করা হয়।