ডিএনএন ডেস্ক: এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম আবার চেনা ছন্দে ফিরেছেন। তবে এবারের ফেরাটা একটু ভিন্ন এবং দীর্ঘ বিরতির পর। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাস লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি। পরীক্ষা শেষ হতেই আর দেরি করেননি; চেনা আঙিনায় ফিরে মেতে উঠেছেন অভিনয়ের চিরচেনা ব্যস্ততায়। জানা গেছে, চলতি আগস্ট মাসের পুরো সময়জুড়েই টানা শুটিংয়ের শিডিউল সাজিয়েছেন এ অভিনেত্রী।
জীম জানান, পরীক্ষা শেষ হওয়ার পর আর বিশ্রামের সুযোগ পাননি তিনি। পরিচালকদের আকুলতা এবং জমে থাকা চিত্রনাট্যের টানে দ্রুতই সেটে ফিরতে হয়েছে তাকে। গত ৯ আগস্ট তার পরীক্ষা শেষ হয়েছে। ১০ আগস্ট থেকে পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়েছেন। চলতি আগস্ট মাসে তার ঝুলিতে রয়েছে একাধিক নাটকের কাজ। এই পুরো মাসটিতে তার কোনো ছুটির সুযোগ নেই; দিন-রাত এক করে একটানা শুটিং করতে হবে বিভিন্ন লোকেশনে।
ফিরেই জীম শেষ করেছেন সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নামের নতুন একটি নাটকের কাজ। এতে তার বিপরীতে রয়েছেন সাদ সালমী নাওভী। এরপর শেষ করেছেন আরও নতুন একটি নাটকের কাজ। পাশাপাশি একটি ওভিসির শুটিং করছেন। আগামীকাল থেকে আরেকটি নতুন নাটকের কাজ করবেন। সবগুলো নাটকেই তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে বলে জানান এ অভিনেত্রী।
জীম বলেন, ‘পড়াশোনার জন্য দেড় মাস কাজে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়েই ফের কাজ শুরু করেছি। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবোই।’