২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে স্পেনের রাজপরিবার

Admin Published: July 17, 2026, 5:19 pm
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে স্পেনের রাজপরিবার

ডিএনএন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, টানছে রাষ্ট্রপ্রধানদেরও। স্পেনের রাজপ্রাসাদ নিশ্চিত করেছে, ফাইনাল ম্যাচে জাতীয় দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত থাকবেন দেশটির রাজপরিবারের সদস্যরা।


রাজপ্রাসাদের ঘোষণায় বলা হয়েছে, মেটলাইফ স্টেডিয়ামে বসেই স্পেনের ফাইনাল দেখবেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। রাজপরিবারের সদস্যরা এর আগেও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জানিয়েছেন। চলতি বিশ্বকাপেও গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচে স্টেডিয়ামে ছিলেন রাজা ফিলিপ।



চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে স্পেন। পুরো ম্যাচে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগই দেয়নি স্প্যানিশ রক্ষণভাগ। বিশ্বকাপজুড়ে স্পেনের রক্ষণভাগ ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা। পুরো আসরে তারা মাত্র একটি গোল হজম করেছে। পাশাপাশি ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসেও নতুন নজির গড়েছে দে লা ফুয়েন্তের দল। টানা ৩৭ ম্যাচ অপরাজিত তারা। স্পেনের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন এখন আর মাত্র এক ম্যাচ দূরে।