ডিএনএন ডেস্ক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌনকর্ম করার অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. সারোয়ার জাহান ওরফে মনি (২৩)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার রওশন দিঘি (সাধুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
গ্রেপ্তার সারোয়ার জাহান নাচোল থানার নারায়ণপুর মুর্শিদা এলাকার সাদেকুল রহমান মাস্টারের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে ওই কিশোরীর সঙ্গে সারোয়ার জাহানের প্রেমের সম্পর্ক ছিল। গত ৭ জুন রাত থেকে ৮ জুন সকাল পর্যন্ত রাজশাহী নগরের কাজীহাটা এলাকার একটি হোটেলে এবং ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত দাশপুকুর এলাকার একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে যৌনকর্ম করার অভিযোগ করা হয়েছে।
পরে বিয়ে না করে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকেন সারোয়ার জাহান। এ ঘটনায় কিশোরীর বাবা মো. খোবির বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন।
রাজপাড়া থানার মামলা নম্বর-৩৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারা এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-৫ জানায়, সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি সারোয়ার জাহান ওরফে মনিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
পরে গ্রেপ্তার আসামিকে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।