৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

Admin Published: July 24, 2026, 6:25 pm
বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

ডিএনএন ডেস্ক: মো. সাহাবুদ্দিনের গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন। বঙ্গভবন ছাড়ার পর তিনি সে বাসায় উঠতে পারেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে সেখানে টেলিফোনের সংযোগ দিতে আসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন কর্মচারী। 


গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে ওই বাসার সামনে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে দেখা গেছে। 


পদত্যাগ করার পর এ বাসার পঞ্চম তলায় রাষ্ট্রপতির ওঠার কথা হয়েছে বলে তথ্য দিয়েছেন বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম।


তিনি বলেন, তিন-চারদিন আগে স্যার এসেছিলেন এ বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন এসেছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে উনি এসেছিলেন, এরপর রাত পৌনে ৯টা নাগাদ উনি এখান থেকে চলে গেছেন। ইতোমধ্যে তার বাসায় টুকিটাকি বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে এসবির (স্পেশাল ব্রাঞ্চ) কয়েকজন লোক রয়েছেন।


বাসায় টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, মূলত সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছি, আমাদের অফিসের বসের নির্দেশে। আজকে যদিও বন্ধ, তবু বলা হয়েছে, উনি পদত্যাগ করলে এ বাসাতেই উঠবেন। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেওয়া হয়েছে। তাই এখন নতুন লাইন লাগাতে এসেছি।


শুক্রবার বিকালে পদত্যাগ করে সব জল্পনা কল্পনার অবসান ঘটান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।