ডিএনএন ডেস্ক: বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে, থাকবেন জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনে। শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ছাড়াও এর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে, সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধ এবং সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী, তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।