২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

Admin Published: July 7, 2026, 5:26 pm
ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

ডিএনএন ডেস্ক: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়াটারফাইনালে উঠেছে নরওয়ে। এক হালান্ডের কাছে হেরে যায় নেইমাররা। ব্রাজিলের দুঃখ দুর্দশা দেখে মিশরের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক আর্জেন্টিনা।মিসরকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের কথাতেই যেন সেটা স্পষ্ট। শেষ ষোলোর ম্যাচে আফ্রিকান দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের বিদায়ের কথা স্মরণ করিয়ে আরও একবার সতীর্থদের সতর্ক করলেন আলবিসেলেস্তেদের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।


এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ব্রাজিলের বিদায়। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কার্লো আনচেলত্তির দল। অথচ ফেবারিট হিসেবেই বিশ্বকাপের মঞ্চে এসেছিল তারা। কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পথচলা থেমেছে নরওয়ের মতো তুলনামূলক কম শক্তির দলের কাছে হেরে।


আর্জেন্টিনাও মিসরের চেয়ে বেশ এগিয়ে। এরপরও মোহাম্মদ সালাহদের হালকাভাবে নিচ্ছেন না পারেদেস। ব্রাজিলের বিদায়ের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন, নকআউটে সহজ ম্যাচ বলে কিছু নেই। এখানে সর্বোচ্চ প্রস্তুতি থাকায় যেকোনো ছোট দলও বিপদের কারণ হতে পারে।


পারেদেস বলেন, ‘প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুত নিয়ে এসেছে।’


আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনাও মনে করেন, মিসরকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আর্জেন্টিনাকে, ‘দিন শেষে কেউ আপনাকে কোনো কিছু ছেড়ে দেবে না। সব প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করবে, সবাই নিজেদের জাতীয় দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। আমাদের দিক থেকে, বরাবরের মতোই আমরা মূল ভূমিকায় থাকা এবং সম্ভাব্য সেরা উপায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার চেষ্টা করব।’