২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে জাতীয় সংসদের পথে ইসি

Admin Published: August 20, 2026, 1:52 pm
ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে জাতীয় সংসদের পথে ইসি

ডিএনএন ডেস্ক: বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইসি ভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তা।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটে ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের এই দল কঠোর নিরাপত্তায় ইসি ভবন ছাড়েন।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংসদ ভবনে ভোটগ্রহণ পর্ব শেষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম পুনরায় নির্বাচন ভবনে ফিরিয়ে এনে গেজেট প্রকাশের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করা হবে।


ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কিছুক্ষণ পর সংসদে আসবেন।


রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচনী কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।


তারা হলেন- ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা ও সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান।


জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।


উল্লেখ্য, ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিযে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন। ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।