৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

চার মাসে ১৪৪ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ

Admin Published: November 29, 2024, 12:28 pm
চার মাসে ১৪৪ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ

ডিএনএন ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিদেশি ঋণ পরিশোধে সুদ ও আসল মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১৪৪ কোটি ডলার। এ সময় দাতা সংস্থা ও দেশগুলো থেকে মোট ১২০ কোটি ২০ লাখ ডলার ঋণ ও অনুদান পাওয়া গেলেও পরিশোধের জন্য অতিরিক্ত ২৩ কোটি ৫০ লাখ ডলার বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইআরডি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে প্রতি মাসেই ঋণ ছাড়ের তুলনায় পরিশোধের পরিমাণ বেশি ছিল, যা বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করেছে।


ইআরডি’র তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবরের মধ্যে ১০১ কোটি ১৩ লাখ ডলার ঋণ এবং ১৯ কোটি ৯ লাখ ডলার অনুদান পাওয়া গেছে। একই সময়ে ঋণের আসল পরিশোধে খরচ হয়েছে ৮৯ কোটি ৫৫ লাখ ডলার এবং সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৫৪ কোটি ২৩ লাখ ডলার।



তবে, এই সময়ে বিদেশি ঋণের নতুন প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে কমে মাত্র ২৫ কোটি ৫০ লাখ ডলারে নেমে এসেছে, যেখানে গত বছরের একই সময়ে প্রতিশ্রুতি ছিল প্রায় ৩৬৩ কোটি ডলার।



প্রকল্পভিত্তিক ঋণের প্রতিশ্রুতি কমে যাওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট সহায়তায় গুরুত্ব দিচ্ছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে তারা কয়েক শ কোটি ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে।