স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এরা হলো, উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) ও একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ পদ্মা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং রিহান পুলিশ একাডেমী স্কুলের দশম শ্রেণীর ছাত্র। সোমবার বিকেলে বড়াল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ফুটবল খেলা শেষ করে সোমবার দুপুরের দিকে মাহিদ ও রিহানসহ ১০/১২ জন বাড়ীর পাশে বড়াল নদে গোসল করতে যায়। এসময় সবার মাঝ থেকে ওই দুই ছাত্র পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা টের পেয়ে দীর্ঘক্ষণ খোজাখুজি করেও তাদের না পাওয়ায় সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় বিকেল সাড়ে ৪ টায় দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে একই গ্রামের দুই স্কুলছাত্রের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বারবার জ্ঞান হারিয়ে ফেলেন নিহত মাহিদ ও রিহানের মা। দুই পরিবারের স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
চারঘাট থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।