৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

ছাত্র আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত নৈরাজ্য ও সহিংসতায় লিপ্ত : লিটন

Admin Published: August 3, 2024, 7:08 pm
ছাত্র আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত নৈরাজ্য ও সহিংসতায় লিপ্ত : লিটন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামামান লিটন বলেছেন, ছাত্র আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতায় লিপ্ত হয়েছে।
লিটন বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত-শিবির রেললাইন উপড়ে ফেলেছিল, বাসে আগুন দিয়েছিল, অসংখ্য মানুষকে পুড়িয়ে মেরেছিল এবং এদেশের অর্থনীতিকে স্থবির করে সরকার পতন করতে চেয়েছিল। আবার সেই নাটক আমরা নতুন করে মঞ্চস্থ হতে দেখছি।
শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।  বেলা সাড়ে ৯ টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচি শেষে বেলা ২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, নিষিদ্ধ জামায়াত- শিবির কোমলমতি ছাত্র-ছাত্রীদের ব্যবহার করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ইতোমধ্যে সরকার মেনে নিয়েছে। আরো কিছু দাবি থাকলে প্রধানমন্ত্রী পূরণ করবেন।
তিনি আরো বলেন, আমরা মনে করি ধ্বংসাত্মক কাজে জামায়াত-শিবিরের হাতিয়ার হয়ে উঠে তাদের দ্বারা নিজেদের কলঙ্কিত করা এটি কোন ছাত্র-ছাত্রীর কাজ নয়। আমরা অভিভাবক হিসেবে তাদের বাবা-মাকে অনুরোধ করবো, আপনাদের সন্তানদের ঘরে নিয়ে যান। স্কুল-কলেজ খুলবে, স্কুল-কলেজে পাঠাবেন। আন্দোলন করে রাজপথে আগুন জ্বালিয়ে, মানুষকে হয়রানী করে, দেশকে অস্থির করা শিক্ষার্থীদের কাজ নয়।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, সকল অপতৎপরতার পেছনে রয়েছে জামায়াত-শিবির। যদি তারা মনে করে শিক্ষার্থীদের র্দীঘদিন বিভ্রান্ত করে রাখতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আমরা বিশ্বাস করি শুধু সময়ের ব্যাপারমাত্র, এই কোমলমতি শিক্ষার্থীরা তাদের সঙ্গে থাকবে না। তারা ঘরে ফিরে যাবে। যেহেতু তাদের দাবি পূরণ হয়েছে।