২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

Admin Published: August 1, 2026, 2:21 pm
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

ডিএনএন ডেস্ক: আসন্ন নারীকেন্দ্রিক ছবি ‘মাইসা’র একটি গানের নাচের মহড়া দিতে গিয়ে হিপ এরিয়ায় (কোমর ও নিতম্বের সংযোগস্থল) তীব্র চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা।হায়দরাবাদে শুটিং চলাকালে এক লাফ দেওয়ার দৃশ্যে এই দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকরা তাকে অন্তত ছয় সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন। 


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকা মান্দানা বর্তমানে একাধিক বড় বাজেটের ছবির অ্যাকশন দৃশ্য ও নাচ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। টানা পরিশ্রম ও শারীরিক চাপের ফলে তার হিপ এরিয়ার পেশিতন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। 


চিকিৎসকরা চোটের তীব্রতা দেখে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, সাধারণত কড়া শারীরিক কসরত করা অ্যাথলেট বা ক্রীড়াবিদদের ক্ষেত্রে এই ধরনের গভীর টেন্ডন ইনজুরি দেখা যায়। আঘাতপ্রাপ্ত স্থানটি নিরাময় ও আগের শক্তি ফিরিয়ে আনার জন্য চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচির পরামর্শ দিয়েছেন। 


রাশমিকা মান্দানা এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একই সঙ্গে চারটি বড় চলচ্চিত্রের শুটিং এবং প্রায় ৩০টি আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ সামলাচ্ছিলেন তিনি। সম্প্রতি কেরালায় ‘মাইসা’ ছবির জন্য কোনো বডি ডাবল ছাড়াই নিজে সব কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন তিনি।তবে এই আকস্মিক দুর্ঘটনার ফলে তার প্রতিটি ছবির শুটিং সিডিউল এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।