৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

দাড়ি না থাকায় চাকরি হারালেন ২৮১ সরকারি কর্মী

Admin Published: August 20, 2024, 11:17 pm
দাড়ি না থাকায় চাকরি হারালেন ২৮১ সরকারি কর্মী

ডিএনএন ডেস্ক : দাড়ি না থাকায় চাকরি হারাতে হলো ২৮১ জন সরকারি কর্মীর। তারা সবাই নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন। তালেবান শাসিত আফগানিস্তানে ঘটেছে এই ঘটনা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তালেবানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায়। এ ছাড়া গত বছর অনৈতিক কাজের জন্য ১৩ হাজার ব্যক্তিকে আটকের কথাও জানিয়েছে তারা। 

দ্য মিনিস্ট্রি ফর দ্য প্রিভেনশন অব ভাইস অ্যান্ড প্রোপোগেশন অব ভার্চ্যু এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের মধ্যে অর্ধেককে ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ ছিল এবং কতজন নারী-পুরুষ ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছেন এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রিতে বাধা দিয়েছেন।

এই সময়ে নিরাপত্তা বাহিনীর ২৮১ জনকে চিহ্নিত করা হয়েছে যাদের দাঁড়ি ছিল না। তাদের বরখাস্ত করা হয়েছে।