৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ডাকসুর বিজয়ীদের নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

Admin Published: September 10, 2025, 11:07 pm
ডাকসুর বিজয়ীদের নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

ডিএনএন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের নিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।বুধবার (১০ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত বিবৃতি পাঠিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।’


তিনি বলেন, ‘এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।’


জামায়াতের আমির বলেন, ‘জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।’


বিবৃতিতে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রুহের মাগফিরাত ও তার পরিবার-পরিজনদের প্রতি সহমর্মিতা জানান শফিকুর রহমান।