স্টাফ রিপোর্টার: ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’-এর উদ্বোধন করবেন। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে পরিচ্ছন্নতা বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী মহানগরীর সারাদেশে সুনাম রয়েছে। সেই সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে—এমন প্রতিটি স্থাপনা ও স্থান ওয়ার্ডভিত্তিক চিহ্নিত করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। ঝোপঝাড় পরিষ্কার, পুকুর, ডোবা ও নালায় জমে থাকা কচুরিপানা অপসারণ, নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়া এবং ড্রেনে পানির প্রবাহ অব্যাহত রাখার বিষয়ে নগরবাসীকে সচেতন করতে হবে।
এ বিষয়ে প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় রাসিকের সচিব মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন।