২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

Admin Published: September 21, 2026, 2:16 pm
ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

ডিএনএন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে সরকার। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা কিংবা মশা নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজ পর্যায়েও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।


তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। তাই সঠিক সময়ে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে এই মাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।


বিশেষ করে তরুণদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও অন্যান্য সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এসব তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সৃজনশীল ভিডিও, ছবি, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের প্রয়োজনীয় বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।


ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের নিজেদের বাড়ি, আঙিনা ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সচেতনতামূলক তথ্য অনলাইনে শেয়ার করে অন্যদেরও সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।