স্টাফ রিপোর্টার : দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই-উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। তিনি বলেন, দেশের মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন করে আর কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না। শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআন-সুন্নাহর বিধান চালু করা যায়, তবে মানুষের মুক্তি মিলবে; দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোয়ার্দার এবং অধ্যাপক রফিকুল ইসলাম।
এ ছাড়াও রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী-২ (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।