স্টাফ রিপোর্টার :বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে।
শুক্রবার বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, ‘যে যেভাবেই বলুক না কেন, দেশবাসী নির্বাচন চায়।
তিনি বলেন, ‘শহীদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। শহীদ জিয়ার আদর্শে ও বেগম খালেদা জিয়ার যে আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে শহীদ জিয়ার মতো আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পবা উপজেলা বিএনপি। রাজশাহীর খড়খড়ি বাইপাস মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান।
বক্তব্যে মো. রায়হানুল আলম রায়হান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি এক সংগ্রামী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তার হাত ধরেই বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনসমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।