২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ঢাবিতে কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলা,আহত কয়েক শতাধিক

Admin Published: July 15, 2024, 6:06 pm
ঢাবিতে কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলা,আহত কয়েক শতাধিক

ডিএনএন ডেস্কঃঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

একই স্থানে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। তাই সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন, আমরা পিছু হাঁটব না। আমাদের ওপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা পাল্টা আক্রমণ করবো।পরে মাইকিং করে শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় যেতে বলা হয়। ভিসি চত্বরের সামনে গেলে সাড়ে ৩টা থেকে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা ও মাথায় হেলমেট দেখা গেছে। এরপর বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ হামলার বিষয়ে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে হামলা করছে।

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় আহত অন্তত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রায় ১৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা ব্যবস্থা শেষ করেই আমরা আজকেই ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করব।

ডিএনএন/১৫ জুলাই/এলএস