২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

Admin Published: August 16, 2026, 5:58 pm
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

ডিএনএন ডেস্ক: মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার থেকে দেশের ব্যস্ততম এ মহাসড়কে প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম চালু করা হচ্ছে।হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানায়, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভার স্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।


মামলার তথ্য পাওয়ার পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে দেশে প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।


হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।