৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠন

Admin Published: March 26, 2026, 1:08 pm
দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠন

ডিএনএন ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।


বুধবার (২৫ মার্চ) রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।


বুধবার বিকেলে পন্টুনে ওঠার সময় বাসটি নদীতে তলিয়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টার দিকে বাসটি উদ্ধার করে। এ সময় উদ্ধার কাজে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেয়।


দৌলতদিয়া ফেরিঘাটের এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।