৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলা, ৮ নারীসহ গ্রেফতার ১৫

Admin Published: February 23, 2025, 6:48 pm
দুর্গাপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলা, ৮ নারীসহ গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক নারীকে হত্যার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অপর একটি হত্যাচেষ্টা মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নিহত ফেরদৌসী বেগমের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার দায়েরের পর থেকে অভিযান চালিয়ে রবিবার বিকেল পর্যন্ত উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর এলাকা থেকে হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও একই ঘটনায় থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে।

পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃতরা হলো, সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০), জাহিদ হাসান পাইক (২০), সাইনুল ইসলাম (৪৬), নূর ইসলাম (৫৫), বিলকিস (৪৮), রজুফা (৫৮), জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রত্না (২১)।

এছাড়াও একই সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার আসামি হান্নান (৪৫) ও রবিউল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হন। নিহতের ঘটনায় ও হত্যাচেষ্টার মামলায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সবাইকে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।