২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

Admin Published: March 23, 2025, 4:44 pm
দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে শাহিনুর (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সকালে রাজশাহী নগরের হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেফতার শাহিনুর জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন শাহিনুর। বৃষ্টির পরিবার শাহিনুরকে আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরো ৩ লাখ টাকার চাপ দিতে থাকেন শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দেয়। তবে, নির্যাতনের মাত্রা কমেনি। 

গত ১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন। পরিবারের সদস্যরা যাওয়ার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তার বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা।

এই মামলায় গত ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেফতার করা হয়। শাহিনুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা রবিবার অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, শাহিনুরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।