৩ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

এবার হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার

Admin Published: April 16, 2026, 5:24 pm
এবার হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার

ডিএনএন ডেস্ক: এবার হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরানের একটি সুপার ট্যাংকার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকার পরও এটি নিরাপদে হরমুজ পাড়ি দিতে সক্ষম হয়। খবর আলজাজিরার।জানা গেছে, ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’ বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করে। এ সময় এটি খালি অবস্থায় ছিল। এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই এ নিয়ে দ্বিতীয় মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাংকার হরমুজ পাড়ি দিল।


জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি ও কেপলারের তথ্যে এ খবর পাওয়া গেছে। ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি কোন দিকে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।


তবে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। তথ্যটির সত্যতা নিশ্চিত হতে পারেনি আলজাজিরা।


এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান। দেশটি ওমান-সংলগ্ন হরমুজ প্রণালীর দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ হিসেবে এমন প্রস্তাব দিয়েছে দেশটি।


সূত্র জানিয়েছে, যদি নতুন করে সংঘাত ঠেকাতে একটি চূড়ান্ত চুক্তি হয় তাহলে এই ছাড় দেওয়া হবে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের কারণে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়।