ডিএনএন ডেস্ক: ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’সন্ত্রাস ও হত্যার রাজনীতি রুখে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে আর সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।খেলা খবর
তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’
এসময় ২০২৪ সালের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।’
তিনি আরও বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’
পরাজিত শক্তির আস্ফালনে বিভ্রান্ত না হয়ে সরকারের পাশে থাকতে তিস্তা পাড়ের মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় ১৬ বছর ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ কেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘এই জনপদেও উন্নয়নের স্রোত বইবে। তিস্তা তার আপন গতিতে বয়ে চলেছে। সেই স্রোতের সঙ্গে এবার উন্নয়নের গতিও মেলাতে চান তিস্তা পাড়ের মানুষ। লালমনিরহাট থেকে আমি দেশবাসীকে ঐক্য ও সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’