স্টাফ রিপোর্টার,বাঘা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কেন্দ্র করে গড়ে উঠেছে স্বাস্থ্যপণ্য ও কথিত ওষুধ বিক্রির এক বিস্তৃত অনলাইন বাজার। যৌন সমস্যা দূর করা, পুরুষত্ব বৃদ্ধি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, দ্রুত ওজন কমানো এবং শারীরিক দুর্বলতা দূর করা-সহ নানা রোগের চিকিৎসার নিশ্চয়তা দিয়ে প্রচার করা হচ্ছে বিভিন্ন পণ্য বিক্রীর বিজ্ঞাপন। আকর্ষণীয় এসব বিজ্ঞাপনে অবিশ্বাস্য ফলাফলের প্রতিশ্রুতি এবং যৌনতা-নির্ভর অশ্লীল ভিডিওর মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। তবে এসব পণ্যের কার্যকারিতা, নিবন্ধন, উপাদান মেয়াদ ও বিক্রির বৈধতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন ?
ফেসবুকের বিভিন্ন পেইজ ও বিজ্ঞাপন দেখে পণ্য কিনে প্রতারিত হওয়ার অভিযোগ করছেন একাধিক ব্যক্তি। এদের মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার দুলাল হোসেন ২২ ধরনের ওষধ সেবন করেও উপকার পাননি। তার অভিযোগ, চটকদার বিজ্ঞাপন দেখে, তিনি একের পর-এক পণ্য কিনে অর্থ ব্যয় করলেও কোন সমাধান না পাওয়ায় হতাশ হয়েছেন। তাঁর অভিযোগ, সম্প্রতি রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া এলাকায় দুটি নকল ওষধ কারখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লক্ষ টাকা জরিমান ও বিপুল পরিমান নকল ওষদ পুড়িয়ে ফেলার ঘটনা নতুন করে জনসাধারনের মধ্যে প্রশ্ন জাগিয়েছেন ? বিশেষ করে ফেসবুকে অধিক প্রচারের মাধ্যমে যে নকল ওষধ বিক্রী হয়, এটা তার বড় উদাহরণ ।
এ প্রসঙ্গে ঐ এলাকার শিক্ষক নাজমুল হক বলেন, এসব পণ্য যদি সত্যিই রোগের চিকিৎসা ও যৌন সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর হয়, তাহলে সাধারণ ফার্মেসিতে সেগুলো পাওয়া যায় না কেন ? কারা এসব পণ্য তৈরি করছে, কোথা থেকে আমদানি হচ্ছে, এগুলোর উপাদান কী এবং সরকারি অনুমোদন আছে কি না-এসব বিষয়ের কোনো স্পষ্ট তথ্য ক্রেতাদের সামনে থাকে না-বলে তিনি অভিযোগ করেন। একই সাথে তেঁথুলিয়ার ভেজাল ওষদের সাথে সম্পৃক্ত অধরা-মালিক পক্ষকে অবিলম্বে গ্রেফতাদের দাবি জানান ।
আরও উদ্বেগের বিষয়, দুলাল হোসেনের ভাষ্য অনুযায়ী, এসব পণ্য কেনার সময় তাঁকে কোনো রসিদ বা মেমো দেওয়া হয়নি। ফলে পণ্য কেনার পর কার্যকারিতা নিয়ে প্রশ্ন কিংবা প্রতিকার চাওয়ার ক্ষেত্রে ক্রেতারা প্রমাণের সংকটে পড়ছেন।শুধু দুলাল হোসেন নন, নাম প্রকাশ না করার সর্তে এ ধরনের পণ্য ব্যবহার করেছেন এমন আরও কয়েকজনের সঙ্গে কথা বলেও অনুরূপ অভিজ্ঞতার কথা জানা গেছে। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে যে ধরনের ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়, পণ্য ব্যবহারের পর বাস্তবে তার প্রতিফলন মেলে না।
ভুক্তভোগীদের আরেকটি অভিযোগ, ফেসবুকে এসব পণ্য বিক্রির জন্য কিছু বিজ্ঞাপনদাতা অশ্লীল ও যৌনতা-নির্ভর ভিডিও প্রকাশ করেন। নারী-পুরুষের ব্যক্তিগত ও যৌনজীবনকে কেন্দ্র করে তৈরি এসব ভিডিওতে যৌন সক্ষমতা বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। যৌন সমস্যায় ভোগা মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে পণ্য কিনতে উৎসাহিত করা হয় বলে অভিযোগ তাঁদের। প্রশ্ন উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এ ধরনের প্রচারণা কীভাবে চলছে? বিজ্ঞাপনে চিকিৎসাসংক্রান্ত দাবি করার অনুমোদন আছে কি না ? এসব পণ্যের বিক্রেতারা বৈধ ব্যবসায়িক পরিচয় ও লাইসেন্স ব্যবহার করছেন কি না ? তা তদারকি করছেন কোন কর্তৃপক্ষ ?
এদিকে ভুক্তভোগির কাছে পাওয়া সংগৃহীত সরবরাহ করা ছবিতে Force Fuel, Prime Test, Maca & Panax Ginseng, Vita Gold Plus, D-Care Dia Control, Kayra Max, Romantic Plus-সহ বিভিন্ন নামের পণ্য দেখা গেছে। এসব পণ্যের কোনোটি শারীরিক শক্তি, কোনোটি যৌন সক্ষমতা, আবার কোনোটি স্বাস্থ্য-সম্পূরক হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে মোড়ক থেকে ধারণা পাওয়া যায়। তবে এসব পণ্যের প্রকৃত উপাদান, মেয়াদ কাল ,উৎপাদনকারী প্রতিষ্ঠান, নিবন্ধন, আমদানির উৎস ও মান পরীক্ষার তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই এগুলোকে প্রশাসন ( ড্রাগ অধিদপ্তর)এর মাধ্যমে পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে অনেকেই মন্তব্য করেন। আবার অনেকেই বলছেন, এ বিষয়ে আইন আছে, তবে প্রয়োগ নেই!
অনুসন্ধ্যানে জানা গেছে, বাংলাদেশে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ঔষধ উৎপাদন, বিক্রি, আমদানি ও বিতরণের ক্ষেত্রে নির্ধারিত লাইসেন্স ও নিবন্ধনের বিধান রয়েছে। আইনের ১৪ ধারায় ঔষধ উৎপাদন, বিক্রি, মজুত ও বিতরণের জন্য লাইসেন্স গ্রহণের বিধান রয়েছে। সেখানে ২২ ধারায় নিবন্ধন ছাড়া ঔষধ উৎপাদন, আমদানি, বিক্রি, বিতরণ ও মজুতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে ৭১ ধারায় ঔষধের ব্যবহার, আরোগ্য বা চিকিৎসা সংক্রান্ত দাবি রয়েছে-এমন বিজ্ঞাপন প্রচারের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদনের বিধান রয়েছে।আইনের এসব বিধান থাকার পরও ফেসবুকে চিকিৎসার নিশ্চয়তা দিয়ে পণ্য বিক্রির অভিযোগ প্রশাসনের নজরে আসছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ?
এ বিষয়ে সুশীল সমাজের দাবি, ফেসবুকে ওষধ বিক্রীর বিষয়ে প্রশাসনের জরুরি তদন্ত প্রয়োজন । আর ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে ভুক্তভোগীদের দাবি, ফেসবুকে রোগ নিরাময়ের প্রতিশ্রুতি দিয়ে যেসব পণ্য বিক্রি হচ্ছে, সেগুলোর নিবন্ধন ও উপাদান যাচাই করতে হবে। বিক্রেতা ও সরবরাহকারীদের পরিচয় শনাক্ত করতে হবে। প্রয়োজনে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করতে হবে। অনুমোদনহীন পণ্য বা বেআইনি বিজ্ঞাপনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও বিষয়টি তদন্ত করা প্রয়োজন। ক্রেতাদের রসিদ না দেওয়া , বিক্রেতার পরিচয় গোপন রাখা এবং প্রতিশ্রুতির সঙ্গে পণ্যের বাস্তব ফলের অসংগতি-এসব অভিযোগ খতিয়ে দেখা জরুরি। দুলাল হোসেনের দাবি, তিনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে চান, ফেসবুকের মাধ্যমে এ ধরনের পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসন আইনি পদক্ষেপ নিক। তাঁর মতো আরও কেউ যেন বিজ্ঞাপনের প্রলোভনে অর্থ ব্যয় করে প্রতারিত না হন।
এখন প্রশ্ন শুধু দুলাল হোসেনের ২২ ধরনের পণ্যের কার্যকারিতা নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে, মানুষের রোগ, অসহায়ত্ব ও ব্যক্তিগত সমস্যাকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা এই বাণিজ্যের বৈধতা যাচাই করবে কে ? জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কবে মাঠে নামবে ? ফেসবুকের বিজ্ঞাপনে রোগমুক্তির নিশ্চয়তা দেওয়া সহজ, কিন্তু সেই দাবির সত্যতা যাচাই ও জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব কার ? এ প্রশ্নের উত্তর এখন জরুরি।