ডিএনএন ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই মিষ্টি, দই ও কেক বিক্রি এবং বিদেশি পণ্যের বৈধ আমদানি-সংক্রান্ত কাগজপত্র না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্গাপুর বাজার ও মেডিকেল মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি মিষ্টির দোকান ও একটি গিফট কর্নারকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি, দই ও ডেকোরেটেড কেক বিক্রি এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল না থাকায় দুর্গাপুর বাজারের আসিফ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, শাকিল মিষ্টান্ন ভান্ডারকে আট হাজার টাকা, দুর্গাপুর মিষ্টি বাড়িকে পাঁচ হাজার টাকা এবং দুর্গাপুর মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিএসটিআইয়ের মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং বৈধ আমদানি-সংক্রান্ত কাগজপত্র ছাড়া চোরাই পথে আনা বিদেশি চকলেট, লজেন্স, শ্যাম্পু, লোশন ও স্কিন ক্রিম বিক্রির দায়ে মেডিকেল মোড়ের নিশাত গিফট কর্নারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস উপস্থিত ছিলেন।