৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

Admin Published: July 20, 2026, 2:01 pm
এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

ডিএনএন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে শুধু শিরোপাই হারায়নি আর্জেন্টিনা, গড়েছে এক অনাকাঙ্ক্ষিত ইতিহাসও। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দল এখন আর্জেন্টিনা।


নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবারসির ওপর বিপজ্জনক ট্যাকল করেন এনজো। রেফারি স্লাভকো ভিনচিচ সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা লাল কার্ডে রূপ নেয়। ফলে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


অতিরিক্ত সময়ে সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।


এনজোর এই লাল কার্ড বিশ্বকাপ ফাইনালের ইতিহাসেও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ফাইনালে লাল কার্ড দেখা মাত্র ষষ্ঠ ফুটবলার। আর তার এই বহিষ্কারের ফলে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় তিনটিতে—যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। এর আগে ১৯৯০ সালের ফাইনালে পেদ্রো মনসন ও গুস্তাভো দেসোত্তিও লাল কার্ড দেখেছিলেন।