৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বৈশ্বিক হরতালে রুয়েট শিক্ষার্থীদের সংহতি

Admin Published: April 6, 2025, 8:21 pm
ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বৈশ্বিক হরতালে রুয়েট শিক্ষার্থীদের সংহতি

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন।


বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “আমরা, রুয়েট শিক্ষার্থীরা, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ, নিষ্ঠুরতা ও ন্যায়বিচারের অভাবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। প্রতিদিনই বোমা হামলায় পরিবার ধ্বংস হচ্ছে, শিশুরা প্রাণ হারাচ্ছে। এ নিছক রাজনৈতিক সংকট নয়, এটি এক গভীর মানবিক বিপর্যয়। বিশ্ব বিবেকের এক সম্মিলিত ব্যর্থতার প্রমাণ এটি।”


তাঁরা জানান, আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বৈশ্বিক হরতালের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীরা গাজাবাসীর প্রতি একাত্মতা জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।


বিবৃতিতে আরও বলা হয়, “আমরা হয়তো সরাসরি যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু নীরব দর্শক হয়েও থাকতে পারি না। আমাদের সংহতি প্রতীকী নয়—এটি এক প্রকার প্রতিরোধ। আমরা গণহত্যাকে কোনোভাবেই স্বাভাবিক হতে দেব না। নীরবতা মানেই সম্মতি, তাই আমরা আওয়াজ তুলছি।”


ইসরাইল কর্তৃক গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে রুয়েট শিক্ষার্থীরা বলেন, “আমরা বিশ্বশক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সহায়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। পাশাপাশি আরব বিশ্বের লজ্জাজনক নীরবতা এবং নিষ্ক্রিয়তাও প্রত্যাখ্যান করছি।”


তাঁরা বাংলাদেশসহ বিশ্বজুড়ে সকল সচেতন মানুষকে এই মানবিক সংকটে সক্রিয় হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের ভাষায়, “আমরা এমন এক প্রজন্ম হতে চাই যারা অন্যায়ের মুখে মাথা নত করে না। মানবাধিকারের লড়াইয়ের কোনো সীমানা নেই। গাজাবাসী ভাই ও বোনেরা, আমরা তোমাদের পাশে আছি।