৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

গাজাবাসীর জন্য আনা ত্রাণ নিয়ে গেল ইসরায়েল

Admin Published: July 27, 2025, 6:09 pm
গাজাবাসীর জন্য আনা ত্রাণ নিয়ে গেল ইসরায়েল

ডিএনএন ডেস্ক: একসময়ের শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের জনবসতি গাজা, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার। আহত অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পরও থেমে নেই তারা। এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনকে মৃত্যুকূপে পরিণত করতে চায় নেতানিয়াহুর তেল আবিব।


অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।


মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। গেল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হান্দালা নামের জাহাজটিতে কোনো অস্ত্র ছিল না। এটা গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে গিয়েছিল। এর মধ্যে শিশুখাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধ ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে। জব্দ করা হয়েছে জাহাজে থাকা মালপত্র।

ফিলিস্তিনের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। জাহাজটিতে ১০টি দেশের মোট ২১ জন ছিলেন বলে জানিয়েছে সিএনএন। তাদের মধ্যে ১৯ জন অধিকারকর্মী। অন্য দুজন আল জাজিরার সাংবাদিক।