১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

‘ঘুম থেকে উঠেই দেখি ভাইরাল’

Admin Published: June 12, 2025, 11:30 pm
‘ঘুম থেকে উঠেই দেখি ভাইরাল’

ডিএনএন ডেস্ক: নাটকের শুটিং না কি অন্য ঘটনা- দ্বন্দ্বে ফেলেছে সবাইকে। ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারে অভিনেতা সমু চৌধুরীকে দেখে নানা ভাবনা আসে মানুষের মাথায়। দ্রুতই সেখানে স্থানীয়রা জড়ো হন। ঘুম ভাঙে সমুর। দেখতে পান, তিনি এরই মধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হয়ে পড়ে।


ভিডিওতে দেখা গেছে, তার পরনে একটি গামছা। গাছতলায় মাদুরে অঘোরে ঘুমাচ্ছেন। পাশে একটি পুতুল ও পানির বোতল। চারপাশে স্থানীয় মানুষের সমাগম। 


নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর এই অবস্থা দেখে স্থানীয় লোকজন হতবাক! সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে অনেকেই মনে করছেন, এটা কোনো নাটকের শুটিং! তবে গফরগাঁওয়ের মানুষজন ‘ঘটনাটি সত্যি, শুটিং নয়’ বলে দাবি করেছেন।


অভিনেতা সমু চৌধুরী বলেন, ‘ঘুম থেকে উঠেই দেখি সাড়া বাংলাদেশ ভাইরাল। আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না।’ 


এই অভিনেতা বলেন, ‘আমি এক কাপড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। পরে পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।’


এদিকে, গফরগাঁওয়ের স্থানীয় মানুষজন বলছেন, ‘ওনাকে দ্রুত পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক, তিনি মানসিকভাবে সুস্থ নেই। তার অবস্থা স্বাভাবিক নয়।’


ভিডিওতে শোনা গেছে, স্থানীয় এক নারী বলছিলেন- বুধবার রাতে অভিনেতা আরও কয়েকজনের সঙ্গে মাজারে এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন।


অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বলেন, ‘এমন খবর শোনার পরপরই ঘটনার সত্যতা জানতে লোক পাঠাই। তারা সমু ভাইকে দেখার সঙ্গে সঙ্গে পাগলা থানা পুলিশের মাধ্যমে নিরাপদ আশ্রয় হিসেবে আপাতত থানায় এনেছেন।’


প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের অন্যতম সমু চৌধুরী। তার অভিনয়ে অভিষেক হয় যশোরের উদীচী নাট্যগোষ্ঠীর মাধ্যমে। অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, অনেকেই একা, এত কষ্ট কেন ভালোবাসায়, দূরের আকাশ ইত্যাদি।