৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

হাম ও হামের উপসর্গে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু

Admin Published: May 24, 2026, 5:13 pm
হাম ও হামের উপসর্গে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু

ডিএনএন ডেস্ক: দিন যত যাচ্ছে, হামের প্রকোপ বেড়েই চলেছে। আর মায়ের কোল খালি হচ্ছে শিশু সন্তানের মৃত্যুতে। আজও হাম ও হামের উপসর্গে দেশে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, গত শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। আর ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।


১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৪২ জনের।


তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আর ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।