১১ বৈশাখ, ১৪৩৩
২৪ এপ্রিল, ২০২৬

ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা

Admin Published: April 24, 2026, 6:17 pm
ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা

ডিএনএন ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েতে নতুন করে হামলা হয়েছে। এবার প্রতিবেশী ইরাক থেকে ছোড়া ড্রোন কুয়েতে আঘাত হানে। দেশটির উত্তর সীমান্তের সেনা পোস্টগুলো লক্ষ্য করে হামলাটি করা হয়। খবর আল-জাজিরার।


কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ফাইবার-অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত হয়ে সীমান্ত পোস্টে আঘাত হানে। এতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সামরিক বাহিনী এ ঘটনাকে অপরাধমূলক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ড্রোন দুটি ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।


আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতের দাবি, সাম্প্রতিক সময়ে ইরাকভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো থেকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে দেশটি। এসব হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আলি আল সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।