ডিএনএন ডেস্ক: গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এমনটি জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।
তিনি জানান, এই ড্রোনগুলো ভূপাতিত করতে কাজ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তার প্রাণ গেছে।
ডেফরিন জানান, ইসরায়েলি বিমানবাহিনীর দুই শতাধিক যুদ্ধবিমান ইরানের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ৩৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র।
তবে ইরানি ড্রোনগুলো কখন ইসরায়েলে পৌঁছাবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এর আগের হামলায় এমন ড্রোন ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিয়েছিল।
এর আগে ইরানের আরেকটি হামলার সময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের পাশে ছিল।
তবে এবার আগাম হামলা করেছে ইসরায়েল। ফলে আন্তর্জাতিকভাবে আগের মতো সহায়তা তারা পাচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।