২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের বিমান হামলায় গাজায় এক দিনে ৮৪ জন নিহত

Admin Published: April 26, 2025, 12:13 pm
ইসরায়েলের বিমান হামলায় গাজায় এক দিনে ৮৪ জন নিহত

ডিএনএন ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ৮৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও অন্তত ১৬৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহতের হিসাবসংক্রান্ত গণনায়ও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।’


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫১ হাজার ৪০০  ও ১ লাখ ১৬ হাজার ৪১৬-এ। হতাহতের ৫৬ শতাংশই নারী ও শিশু।


২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।


জিম্মিদের মুক্ত করতে ওই দিনই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল; কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই জিম্মিদের মুক্তি ও তার বিনিময়ে ইসরায়েলের কারাগারে অন্তরিন ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া নিয়ে মতানৈক্য হওয়ায় ১৮ মার্চ ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ৩৮ দিনে গাজায় নিহত হয়েছে ২ হাজার ৬০ জন এবং আহত হয়েছে ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।


ধারণা করা হচ্ছে, যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে। আইডিএফ ঘোষণা দিয়েছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।


জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।


তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর এবং জিম্মিদের মুক্ত করা এ অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।