৩ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

Admin Published: April 16, 2026, 11:13 pm
ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

ডিএনএন ডেস্ক: ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক অন্যান্য ঘোষণার মতো এটিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, দুই দেশের যুদ্ধবিরতি ইস্টার্ন টাইমে বিকেল ৫টা থেকে কার্যকর হবে।


ট্রাম্প লিখেছেন, ‘আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।’


তিনি আরও বলেন, গত মঙ্গলবার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন। সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি।


এর আগে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হয়। তখন পাকিস্তান লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত করে। কিন্তু নেতানিয়াহু লেবাননকে অন্তর্ভুক্ত করতে রাজি হননি।