স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নতুন আরো তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়।
এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আদেশ দেন। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই দায়ের হয় জেলার মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট দায়ের হয়। এসব মামলায় গ্রেফতার দেখাতে তাকে রাজশাহীর মোহনপুর থানার আমলী আদালতে তোলা হলে বিচারক মো. হাদিউজ্জামান তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসাদের আইনজীবী শামীম আখতার বলেন, আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার দেখানো হলো।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।