স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও রাজশাহী সদর আসনের মনোনীত প্রার্থা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আপোষ নয়। ফেব্রুয়ারী মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছেন।
তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ একটি দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে। তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষকে ফেরাতে দ্রুত নির্বাচনী মাঠে নামতে হবে।
রবিবার রাজশাহী নগরীর একটি হোটেলের হলরুমে আয়োজিত সদর আসনের নির্বাচনী প্রচার কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসাথে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল কমিটি দ্রুততার সাথে সম্পন্ন করার তাগিদ দেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। এই দলে প্রতিযোগিতার রয়েছে। কিন্তু কোন প্রতিহিংসা নাই। এজন্য যে যেখানে গেলে কোন প্রশ্ন থাকবেনা তাকে সেখানেই কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সেইসাথে রাজশাহী মহানগর বিএনপিকে সব থেকে বেশী দায়িত্ব নেয়ার অনুরোধ করেন মিনু।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, এডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু প্রমুখ।