৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে ১৮ ফেব্রুয়ারির চেয়ে উপযুক্ত কোনো তারিখ হতে পারে না’

Admin Published: February 18, 2025, 11:49 pm
'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে ১৮ ফেব্রুয়ারির চেয়ে উপযুক্ত কোনো তারিখ হতে পারে না’

রাবি সংবাদদাতা : বাংলাদেশে 'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীর চেয়ে উপযুক্ত কোনো তারিখ হতে পারে না বলে মন্তব্য করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।


আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ড. শামসুজ্জোহার ৫৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'জোহা স্মারক বক্তৃতা- ২০২৫' অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি। সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজন শুরু হয় ।


উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, জোহা দিবস আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি। শহীদ জোহার সবচেয়ে বড় লিগ্যাসি হচ্ছে তিনি কখনো স্পষ্টত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তার ছিলো ভীষণরকম সততা যোগ্যতা এবং কর্তব্য নিষ্ঠা। তিনি আমাদের দেশের, আমাদের সবার। উনিশশো ঊনসত্তরে শহীদ জোহা যেমন প্রাসঙ্গিক ছিলেন চব্বিশের অভ্যুত্থানেও তিনি ঠিক তেমনি প্রাসঙ্গিক ছিলেন।


তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় শিক্ষক দিবস হিসেবে আজকের দিনের চেয়ে বড় কোনো তারিখ হতে পারে না। শহীদ জোহা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়, তিনি এই দেশের সবার। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয় বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহাকে নিয়ে আলোচনার প্রয়োজন আছে।


অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ'র উচ্চতর তত্ত্বজ্ঞান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান। রসায়ন বিভাগের আয়োজনে বিভাগের সভাপতি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান। 


অনুষ্ঠান শেষে শহীদ জোহাকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। তিনটি গ্রুপে তিনজন করে মোট নয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।