৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬
জঙ্গিবাদের অভিযোগ

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

Admin Published: June 27, 2025, 6:18 pm
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

ডিএনএন ডেস্ক: সন্ত্রাসবাদ সম্পৃক্ততার দায়ে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল বলেন, গ্রেপ্তারকৃত দলটি ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত চরমপন্থি মতাদর্শ প্রচার করছে বলে জানা গেছে।


শাহ আলম এবং জোহর বাহরু দায়রা আদালতে অভিযুক্তদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


‘গ্রেফতারকৃত বাকি ১৫ জনকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জন এই জঙ্গি আন্দোলনে জড়িত থাকার বিষয়ে আরও তদন্তাধীন রয়েছে’, বলেন সাইফুদ্দিন।


তিনি আরও বলেন, অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করার এবং তাদের নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল।


বর্ধমান সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে তিনি মন্তব্য করেন, মালয়েশিয়া বিদেশি চরমপন্থি আন্দোলনকে আশ্রয় দেবে না। জাতীয় নিরাপত্তার জন্য হুমকিকে হালকাভাবে নেওয়া হবে না।


মালয়েশিয়াকে জঙ্গি কার্যক্রমের দপ্তর বা ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টাকে সর্বোচ্চ কঠোর হাতে দৃঢ় এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে নস্যাৎ করা হবে বলে সতর্ক করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।