ডিএনএন ডেস্ক: জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সোমবার (৩১ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের বিভিন্ন সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। ‘আগ্রাসনের শাস্তি’ নামে পরিচালিত অভিযানে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটি লক্ষ্য করা হয় বলে দাবি করেছে তারা।
আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটিগুলোর কারিগরি ও মেরামত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।
বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করে কোনো আগ্রাসন বা হামলা চালিয়ে সাফল্য পাওয়া যাবে না। প্রতিটি হামলার জবাব আরও শক্তিশালীভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসির দাবির ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা