স্টাফ রিপোর্টার : চলতি মাসের মধ্যেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ ৭ দফা দাবিতে এবার কাফনের কাপড় জড়িয়ে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তারা কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে ৩ জন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারী নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত বুধবার থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন।
রবিবার বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড় হয় শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে লক্ষীপুর হয়ে সিএন্ডবি মোড় দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা অনশনে বসেন। দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরেকজন অসুস্থ হলে তাকেও হাসপাতালে নেয়া হয়।
এদিকে, দুপুর একটার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের কাছে আসেন। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দফতরে জানান।
এসময় কবির উদ্দীন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়করা যাবেন না বলে সাফ জানিয়ে দেন।
সমন্বয়ক রায়হান আলী বলেন, আমাদের ১১ শিক্ষার্থী হিটস্ট্রোক করে রাজশাহী মেডিকেলে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই।#