২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ

Admin Published: July 10, 2026, 12:13 pm
খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ

ডিএনএন ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজার মাজারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত, ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি।খামেনির শেষ ইচ্ছা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জানাজা পরিচালনার জন্য এই প্রবীণ আলেমকে নির্বাচন করা হয়। গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি ১৯২৫ সালের মার্চ মাসে ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেন। এক শতাব্দীরও বেশি সময়ের বর্ণাঢ্য জীবনে তিনি ইসলামি জ্ঞানচর্চায় বিশেষ মর্যাদা অর্জন করেছেন।


দীর্ঘদিন ধরে পবিত্র নগরী কোমে শিয়া সম্প্রদায়ের অন্যতম নীতিনির্ধারক ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ছাত্রজীবনে তিনি ইসলামি ইতিহাসের প্রখ্যাত পণ্ডিত আল্লামা তাবাতাবাই এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ বোরুজেরদীর সরাসরি শিষ্য ছিলেন।


উনিশ শত পঞ্চাশ ও ষাটের দশকে তাদের কাছ থেকে শিক্ষালাভের পর তিনি একজন প্রাজ্ঞ ইসলামি গবেষক হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান সরকারের বিশেষ দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক বিষয় তদারকির দায়িত্বও পালন করেন।

তিনি বরাবরই ইরানের ইসলামি প্রজাতন্ত্র এবং খামেনি সরকারের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত। দেশটির ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোয় ঐতিহ্যবাহী শিয়া মূল্যবোধ রক্ষায় তিনি আপসহীন ভূমিকা পালন করে আসছেন। শিয়া অনুসারীদের কাছে ‘মারজা’ বা অনুকরণীয় পথপ্রদর্শক হিসেবে তার মর্যাদা অত্যন্ত উচ্চ।