২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

খেল পাল্টে গেছে, বললেন চমক

Admin Published: February 14, 2026, 1:04 pm
খেল পাল্টে গেছে, বললেন চমক

ডিএনএন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব থাকেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশ্লেষণধর্মী স্ট্যাটাস দিয়েছেন। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।

৫ আগস্ট-পরবর্তী দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন চমক তুলে ধরেছেন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাঁর ভাষ্য, রাজনীতি কোনো সরলরেখা নয়; সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার ভারসাম্য বদলে যায়।


পোস্টে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেকেই ধারণা করেছিলেন, একটি নির্দিষ্ট দল একক আধিপত্য বিস্তার করবে। তবে দেড় বছরের মাথায় এসে রাজনৈতিক দৃশ্যপট বদলে গেছে বলে মনে করেন তিনি। তার মতে, সামনে দেশ সম্ভবত শক্তিশালী ও কার্যকর একটি বিরোধী দল দেখতে যাচ্ছে। ক্ষমতাসীন দল ও বিরোধী পক্ষ—উভয়ই শক্তিশালী হলে তবেই গণতন্ত্রে প্রকৃত ভারসাম্য আসে।


চমক আরও লেখেন, অ্যাক্টিভিস্টদের শোরগোলের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর উচিত আগামী সংসদের জন্য সুশৃঙ্খল প্রস্তুতি নেওয়া। জয়-পরাজয় বড় বিষয় নয়; গণতন্ত্র টিকে থাকাই মুখ্য। দেশ ও মানুষের কল্যাণে দুই পক্ষেরই একসঙ্গে কাজ করা প্রয়োজন বলেও মত দেন তিনি।


নারী নেতৃত্বের প্রসঙ্গও উঠে আসে তার লেখায়। বিশেষ করে রুমিন ফারহানা ও তাসনিম জারা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন চমক। রুমিন ফারহানাকে ‘অগ্নিকন্যা’ আখ্যা দিয়ে অভিনন্দন জানান তিনি। নারী ক্ষমতায়নে যারা বিশ্বাসী নন, তাদের জন্য রুমিনকে একটি উদাহরণ হিসেবে দেখেন অভিনেত্রী।


ডা. তাসনিম জারার প্রতিকূলতা বা পরাজয়ের প্রসঙ্গ টেনে চমক লিখেছেন, তিনি জয়ী হলে ভালো হতো।


স্ট্যাটাসের শেষাংশে চমক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মন্তব্য করেন, কেউ যদি অন্যায় বা অনিয়ম করে থাকেন, তবে তার বিচার সৃষ্টিকর্তাই করবেন। তিনি ধৈর্য ধরার আহ্বান জানান এবং বিচারের ভার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন।