ডিএনএন ডেস্ক: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রকোপ। এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা চারশ ছাড়িয়েছে। প্রতিদিনই খালি হচ্ছে কত মায়ের বুক। এমন শোকাবহ পরিস্থিতিতে সরব হয়েছেন বিশ্বসেরা অললাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি জানিয়েছেন প্রার্থনাও।
হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক শিশুকে কোলে নেওয়া স্বজনের ছবি পোস্ট করেন সাকিব। সেখানে তিনি লেখেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাতজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত ৫৫ দিনে সারাদেশে হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৪০৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।