২৬ বৈশাখ, ১৪৩৩
০৯ মে, ২০২৬

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

Admin Published: May 9, 2026, 5:34 pm
লাইফ সাপোর্টে কারিনা কায়সার

ডিএনএন ডেস্ক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার (০৯ মে) ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানান।


কামরুন নাহার ডানা তার পোস্টে এমনটা বলেন, ‘কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল, এরপর কিছুদিন আগে সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন কারিনার হেপাটাইটিস এ ও ই হয়েছে। এর কারণে তার লিভার বিকল হয়ে গেছে।’


পোস্টে ডানা ‍আরও উল্লেখ করেন, ‘কারিনা আইসিইউতে ছিল; শুক্রবার (০৮ মে) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা খুবই সংকটজনক হওয়ায় কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসা দিতে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা তার জন্য প্রার্থনা করবেন। আমরা সবাই জানি সে কতটা মেধাবী ও অসাধারণ একজন মানুষ, আমরা তাকে হারাতে দিতে পারি না।’


সামাজিক মাধ্যমে ইতোমধ্যে কারিনার আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।