৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

মব করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে : আইজিপি

Admin Published: February 27, 2026, 11:43 am
মব করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে : আইজিপি

ডিএনএন ডেস্ক: মব কালচারের সমাধান করা সম্ভব জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকে শক্তি প্রয়োগ করবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আইজিপি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে না। তিনি আরও বলেন, যার যে অভিযোগ আছে, তা আইনশৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন, প্রয়োজনে আলোচনার টেবিলে বসুন। মব কালচার থেকে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের বেরিয়ে আসতে হবে।


আইজিপি বলেন, আসন্ন ঈদে নগরবাসী যাতে ছিনতাইকারীর কবলে না পড়েন, ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।


এখন থেকে মাঝেমধ্যে রাতের বেলায় তিনি নিজেও মাঠে থাকবেন বলেও জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।